উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় দফার যুদ্ধবিরতি চললেও মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ ফের তুঙ্গে। হরমুজ প্রণালীর (Strait of Hormuz) দখল এবং তা জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করাকে কেন্দ্র করে সরাসরি সংঘাতের মুখে দাঁড়িয়ে আমেরিকা ও ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ (Project Freedom)-কে কেন্দ্র করেই শুরু হয়েছে এই নতুন অস্থিরতা।
সোমবার থেকে শুরু হওয়া এই অভিযানে মার্কিন বাহিনী দাবি করেছে যে, তারা হরমুজ প্রণালী ইরানীয় নিয়ন্ত্রণ মুক্ত করে পুনরায় খুলে দিতে সক্ষম হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান চলাকালীন ইরান বাধা দেওয়ার চেষ্টা করলে পালটা হামলা চালায় আমেরিকা। এই হামলায় ইরানের ছ’টি ‘গানার বোট’, বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং একাধিক ড্রোন ধ্বংস করা হয়েছে বলে ওয়াশিংটন দাবি করেছে।


আমেরিকার এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানীয় (Iran) প্রশাসনের পাল্টা দাবি, হরমুজ প্রণালী খোলার মার্কিন চেষ্টা ব্যর্থ করে দিয়েছে তাদের বাহিনী। এমনকি নৌকা বা ড্রোন ধ্বংস হওয়ার তথ্যকেও তারা ভিত্তিহীন বলে দাবি করেছে। তেহরানের স্পষ্ট বার্তা, তাদের জলসীমায় কোনো রকম বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
বর্তমানে দু’দেশের মধ্যে দ্বিতীয় দফার যুদ্ধবিরতি চলছে। কিন্তু তার মধ্যেই এই সামরিক তৎপরতা বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে বড়সড় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হওয়ায়, এখানকার অস্থিরতা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়াচ্ছে।এখন দেখার, ‘প্রজেক্ট ফ্রিডম’-এর মাধ্যমে আমেরিকা এই জলপথে নিজেদের আধিপত্য কায়েম করতে পারে নাকি ইরানের প্রতিরোধে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

