উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডারের উপর সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে হাঁটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি ঘোষণা করেছেন, ভেনেজুয়েলার (Venezuela) অন্তর্বর্তীকালীন প্রশাসন আমেরিকাকে (US) ৩ থেকে ৫ কোটি ব্যারেল ‘উচ্চমানের’ তেল বিক্রি করবে। এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে (Market price)। শুধু তাই নয়, তেল বিক্রির সম্পূর্ণ অর্থ থাকবে খোদ ট্রাম্পের নিয়ন্ত্রণে।
ট্রাম্প ট্রুথ সোশ্যালের একটি পোস্টে লিখেছেন, ‘আমি জ্বালানিসচিব ক্রিস রাইটকে অবিলম্বে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে বলেছি। এই তেল স্টোরেজ জাহাজে করে আমেরিকায় আনা হবে এবং সরাসরি বন্দরে নামানো হবে।’ এরপরই তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তেল বিক্রির অর্থ আমার নিয়ন্ত্রণে থাকবে। তবে এটি ভেনেজুয়েলা এবং আমেরিকার জনগণের কল্যাণে ব্যবহার করা হবে।’
বিশ্বের বৃহত্তম তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলায়, যার পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি ব্যারেল। সমালোচকদের মতে, মাদুরো সরকারকে ক্ষমতাচ্যুত করার নেপথ্যে আমেরিকার আসল লক্ষ্য ছিল এই বিপুল তেলের ভাণ্ডার দখল করা। নিকোলাস মাদুরোকে বন্দি করে নিউ ইয়র্কের আদালতে বিচার শুরু হওয়ার পর, বর্তমানে দেশটিতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন ডেলসি রডরিগেজ। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, এখনই ভেনেজুয়েলায় কোনও নির্বাচন হবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের আমেরিকার প্রভাব থাকবেই।
অনেকের মতে, ডেলসি রডরিগেজকে কার্যত ‘হাতের পুতুল’ হিসেবে ব্যবহার করে ওয়াশিংটন এখন দক্ষিণ আমেরিকার এই দেশটির প্রাকৃতিক সম্পদের উপর একাধিপত্য কায়েম করতে চাইছে। যদিও ওয়াশিংটন বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। তবে তেলের টাকা নিয়ন্ত্রণের ট্রাম্পের এই ঘোষণা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

