Virat Kohli | বিরাট রোশনাইয়ে মুগ্ধ বীরু-শাস্ত্রীরা

শেষ আপডেট:

রাঁচি: বিরাট আবার দেখিয়ে দিল ওর কাছে রান করা ততটাই সহজ, যতটা চা তৈরি করা। বক্তার নাম বীরেন্দ্র শেহবাগ। সমালোচকদের যোগ্য জবাব দিল বিরাট। ওকে নিয়ে বেশি আলোচনা না করে খেলতে দিন ওকে। ক্রিকেট এখনও বাকি রয়েছে কোহলির মধ্যে। বক্তার নাম রবি শাস্ত্রী। অসাধারণ ব্যাটিং। দুর্দান্ত ইনিংস। একদিনের ক্রিকেটে ৫২ নম্বর শতরান করে ফেলল ও। আগের মতোই জোশ ও রানের খিদে দেখতে পেলাম ওর মধ্যে। বক্তার নাম শিখর ধাওয়ান।

কেউ প্রাক্তন সতীর্থ। কেউ আবার প্রাক্তন কোচ। মহেন্দ্র সিং ধোনির মহল্লায় বিরাট রোশনাইয়ে মুগ্ধ সকলেই। ইতিহাস ও পরিসংখ্যান বলছে, রাঁচির জেএসসিএ ক্রিকেট মাঠ কোহলির ‘পয়া।’ অতীতেও এই মাঠে রান করেছেন। আজও করলেন। এমন একটা সময় আজ তাঁর ব্যাট থেকে একদিনের ক্রিকেটের ৫২ নম্বর, আন্তর্জাতিক ক্রিকেটের ৮৩ নম্বর শতরানটা এল, যখন বিরাট কোহলির একদিনের ক্রিকেট কেরিয়ারের ভবিষ্যৎ নিয়ে জল্পনার শেষ নেই। শুধু কোহলি কেন, রোহিত শর্মাকে নিয়েও তো একই ছবি। ‘রোকো’ জুটি আজ ১০৯ বলে ১৩৬ রানের পার্টনারশিপ গড়ে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে, পিকচার আভি বাকি হ্যায়।

অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজের শেষ একদিনের ম্যাচে হিটম্যান শতরান করেছিলেন। আজ তিনি শতরান পাননি। করলেন বিরাট। স্বাভাবিকভাবেই কোহলির সাবলীল ব্যাটিং, রানের খিদে, পরিচিত ক্রিকেটীয় ইনটেন্ট দেখে আবেগে ভাসছে ক্রিকেট সমাজ। টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ শাস্ত্রী সমালোচকদের মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়ে বলে ফেলেছেন, ‘অসাধারণ ব্যাটিং। একদিনের ক্রিকেটে ৫২ নম্বর শতরান করে যে লাফটা দিল ও, তার মধ্যে অনেক অজানা কথা লুকিয়ে। বিরাটের সমালোচকদের বলব, আপনারা মুখ বন্ধ রাখুন। খেলতে দিন ওকে। আরও ক্রিকেট বাকি রয়েছে কোহলির মধ্যে।’ শাস্ত্রীর মতোই কিংবদন্তি শেহবাগও আজ কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কোহলির ইনিংস দেখে সমাজমাধ্যমে বীরু লিখেছেন, ‘আজ ভি ভুখ ওহি, জুনুন ওহি। রাজা রাজার মতোই থাকে। কোহলি দেখিয়ে দিল ওর কাছে রান করা ততটাই সহজ, যতটা চা বানানো।’

রাঁচিতে বিরাট শো দেখার পর সমাজমাধ্যমে চর্চা শুরু হয়েছে কিং কোহলিকে টেস্টে ফেরানোর। অনেকেই বলতে শুরু করেছেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে কোহলিকে টেস্ট অবসরের সিদ্ধান্ত বদলে ফিরে আসার প্রস্তাবও দেওয়া হয়েছে। রাতের দিকে বিসিসিআই সচিব  দেবজিৎ সইকিয়া পুরো বিষয়টিকে ‘নেহাতই গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। আগামীদিনে বিরাট, রোহিতদের ফের টেস্টের আঙিনায় দেখা যাবে কি না, পরের কথা। প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেন আজ সমাজমাধ্যমে জানিয়েছেন, ‘সংবাদমাধ্যমে যা প্রকাশিত হয়, সবসময় সেটা সত্যি বলে ধরে নেওয়ার মানে হয় না। কিন্তু রোকোদের নিয়ে যে জল্পনা চলছে, তার অর্ধেকও যদি সত্যি হয়, তাহলে সেটা বিসিসিআইয়ের অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত।’

More like this
Related

Asif Nazrul | ভারত বিরোধিতায় ‘মিথ্যা’ তথ্যের আশ্রয়? মুস্তাফিজ ইস্যুতে নজরুলের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে আইসিসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর...

ICC T20 World Cup | মুস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির, বিসিবির দাবি নিয়ে প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20...

ICC T20 World Cup | পন্থের পর ছিটকে গেলেন সুন্দরও! কিউয়ি সিরিজের দলে বড় চমক, প্রথমবার ডাক পেলেন আয়ুষ বাদোনি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World...

Laxmi Ratan Shukla | ভোট-নথিতে গরমিল! সামির পর এবার এসআইআর শুনানিতে ডাক বাংলার কোচ লক্ষ্মীরতনকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহম্মদ সামির পর এবার এসআইআর শুনানিতে...