উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার মাটিতে সংঘাত নিয়ে নতুন ও ভয়ঙ্কর তথ্য (Venezuela News) সামনে এল। মার্কিন বা তাদের মদতপুষ্ট বাহিনীর অভিযান প্রতিহত করতে গিয়ে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়লেন ভেনেজুয়েলার সেনারা। কোনো গুলি বা প্রথাগত বিস্ফোরণ ছাড়াই নিকোলাস মাদুরোর অনুগত বাহিনীর সদস্যদের নাক দিয়ে অঝোরে রক্ত ঝরতে দেখা গেল, কেউ কেউ আবার রক্তবমি করে মাটিতে লুটিয়ে পড়লেন। এক সর্ভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই ঘটনার নেপথ্যে আমেরিকা উচ্চক্ষমতাসম্পন্ন ‘সনিক ওয়েপন’ (Sonic Weapon) বা শব্দতরঙ্গ চালিত অস্ত্র ব্যবহার করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
ভেনেজুয়েলা বাহিনীর ওপর কী ঘটেছে? সূত্রের খবর, একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রক্ষা করার সময় ভেনেজুয়েলার সেনাবাহিনীর একটি দল আচমকাই শারীরিক অস্বস্তি বোধ করতে শুরু করে। প্রত্যক্ষদর্শীদের মতে, সেনাদের তীব্র মাথাব্যথা শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই তাঁদের নাক ও কান দিয়ে রক্তপাত হতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, সুস্থ-সবল জওয়ানরা রক্তবমি করতে শুরু করেন এবং প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা হারিয়ে ফেলেন। এর ফলে মার্কিন বা বিদ্রোহী বাহিনী সহজেই সুবিধাজনক অবস্থানে চলে যায়।
আমেরিকার (USA) দিকে অভিযোগ কেন? সামরিক বিশ্লেষকদের ধারণা, আমেরিকা এই অভিযানে ‘নন-লিথাল’ বা প্রাণঘাতী নয় কিন্তু প্রতিপক্ষকে অকেজো করে দেওয়ার মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে। ‘সনিক ওয়েপন’ বা ‘ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার’ প্রযুক্তির মাধ্যমে নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দতরঙ্গ পাঠিয়ে শত্রুর স্নায়ুতন্ত্রকে বিকল করে দেওয়া সম্ভব। এই তরঙ্গের আঘাতে কানের পর্দা ফেটে যাওয়া, মস্তিষ্কে রক্তক্ষরণ এবং বমি ভাব হওয়া স্বাভাবিক লক্ষণ। অতীতে কিউবায় মার্কিন কূটনীতিকরা যে ‘হাভানা সিনড্রোম’-এর শিকার হয়েছিলেন, এবার ভেনেজুয়েলার সেনাদের ওপর আমেরিকা সেই প্রযুক্তিরই পাল্টা প্রয়োগ করল কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

