উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। মা হলেন ক্যাটরিনা কাইফ। পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়ে পোস্ট করেন বাবা ভিকি কৌশল (Vicky Kaushal-Katrina Kaif)।
কয়েকমাস আগেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছিলেন ভিকি-ক্যাটরিনা। তারপর থেকেই দিনগোনা শুরু অনুরাগীদের। শুক্রবার সকালে সোশ্যাল মিডিয়ায় (Social Media) সুসংবাদ দিলেন ভিকি। ছেলে হওয়ার খবর জানিয়ে পোস্টে লেখেন, ‘আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে।’
View this post on Instagram
প্রসঙ্গত, ২০২১ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েন ভিক্যাট জুটি। গোপনীয়তা বজায় রেখে বসেছিল সেই বিয়ের আসর। ২০২৪ সাল থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে জল্পনা শুরু হয়। অবশেষে সব জল্পনার ইতি ঘটিয়ে চলতি বছরের সেপ্টেম্বরে স্ফীতোদরের ছবি প্রকাশ্যে এনে ক্যাটরিনা লিখেছিলেন, আমাদের জীবনের সব থেকে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি। কিছু দিন আগে ভিকি নিজেও এক সাক্ষাৎকারে এই সুখবর নিয়ে প্রতিক্রিয়া দিয়ে বলেছিলেন, ‘অপেক্ষায় আছি। সত্যিই এটা একটা আশীর্বাদের মতোই।’

