উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার পর জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন দক্ষিণি ছবির হার্টথ্রব বিজয় দেবেরাকোন্ডা ও ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা (Vijay Deverakonda-Rashmika Mandanna)। উদয়পুরে জাঁকজমকপূর্ণ বিয়ের পর আগামী ৪ মার্চ হায়দরাবাদে বসতে চলেছে তাঁদের রিসেপশন (Hyderabad Reception)। তবে এই অনুষ্ঠান ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনা এতটাই তুঙ্গে যে, নিরাপত্তার খাতিরে বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন নবদম্পতি।
রিসেপশনে চলচ্চিত্র জগৎ ও রাজনীতির গণ্যমান্য ব্যক্তিদের বড় জমায়েতের কথা থাকলেও, দেশজুড়ে ভক্তদের ব্যাপক উন্মাদনা দেখে পরিকল্পনায় বদল আনা হয়েছে। পুলিশ ও প্রশাসনের পরামর্শ মেনে অতিথির তালিকায় কাটছাঁট করা হয়েছে। বিজয় ও রশ্মিকার পক্ষ থেকে জানানো হয়েছে, হায়দরাবাদের রিসেপশনটি হবে সম্পূর্ণ ‘ইনভিটেশন-অনলি’ বা আমন্ত্রিত-নির্ভর (Invite-Only)। অর্থাৎ, যাঁদের কাছে আমন্ত্রণপত্র রয়েছে, তাঁরা ছাড়া অন্য কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে পারবেন না। মূলত দেশজুড়ে ভক্তদের অত্যধিক ভিড় সামলাতে এবং ট্রাফিক সমস্যা এড়াতে পুলিশ প্রশাসনের পরামর্শ মেনেই এই কড়াকড়ি (Strict Security)।
একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনাদের আশীর্বাদের জন্য আমরা কৃতজ্ঞ, তবে অনুষ্ঠানটি শান্তিপূর্ণ রাখতে সবার সহযোগিতা একান্ত কাম্য।’ উল্লেখ্য, এই রিসেপশনে তেলুগু, হিন্দি, তামিল ও কন্নড় চলচ্চিত্র জগতের তারকাদের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদেরও উপস্থিত থাকার কথা রয়েছে।
রাজস্থানের উদয়পুরে দুই পরিবারের উপস্থিতিতে অত্যন্ত ব্যক্তিগতভাবে বিয়ে সারেন এই জুটি। বিজয়ের ঐতিহ্যের কথা মাথায় রেখে তেলুগু রীতি এবং রশ্মিকার কুর্গী মূলের সম্মানার্থে কোদাভা প্রথা উভয় মতেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। ইন্টারনেটে তাঁদের বিয়ের ছবি পোস্ট হতেই তা লাইক ও কমেন্টের নিরিখে আগের সব রেকর্ড ভেঙে দেয়। হায়দরাবাদে ফেরার পর এই তারকা দম্পতিকে তিরুপতি মন্দিরে পুজো দিতেও দেখা গেছে। আপাতত সব নজর ৪ মার্চের সেই মেগা রিসেপশনের দিকে।

