উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দক্ষিণ ভারতীয় সিনেমার ‘মোস্ট ওয়ান্টেড’ কাপল বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda) এবং রশ্মিকা মন্দানার (Rashmika Mandanna) প্রেমের গুঞ্জন দীর্ঘদিনের। এবার সেই গুঞ্জন পরিণতির পথে। শোনা যাচ্ছে, আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরে এক রাজকীয় অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই তারকাজুটি (Vijay-Rashmika Wedding Venue)। পাহাড়ের কোলে পিচোলা ঝিলের ধারে ৪০০ বছরের পুরোনো ঐতিহাসিক এক প্রাসাদে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর।
সিটি প্যালেসের রাজকীয় আভিজাত্য
উদয়পুরের বিখ্যাত ‘সিটি প্যালেস’-এ বিয়ের প্রস্তুতি শুরু হয়েছে বলে খবর। রাজস্থানের (Royal Wedding Rajasthan) সবচেয়ে বড় এই প্রাসাদটি তার রাজপুত স্থাপত্য এবং ঐতিহাসিক গাম্ভীর্যের জন্য বিশ্বখ্যাত। পিচোলা ঝিলের নীল জলরাশি এবং আরাবল্লি পাহাড়ের দৃশ্য এই প্রাসাদকে দিয়েছে এক মায়াবী রূপ। বলিপাড়ার বড় বড় রাজকীয় বিয়ের সাক্ষী এই প্রাসাদেই এবার রশ্মিকা ও বিজয়ের জীবনের নতুন ইনিংস শুরু হতে চলেছে।
একান্তই ব্যক্তিগত অনুষ্ঠান
বিজয়-রশ্মিকা বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রচারবিমুখ। গত অক্টোবর মাসে তাঁদের গোপনেই বাগদান বা এনগেজমেন্ট সম্পন্ন হয়েছে বলে গুঞ্জন রয়েছে। বিয়ের ক্ষেত্রেও তাঁরা গোপনীয়তা বজায় রাখছেন। জানা গিয়েছে, বিয়ের মূল অনুষ্ঠানে কেবল দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। সংবাদমাধ্যম বা ছবিশিকারিদের সেখানে প্রবেশের অনুমতি থাকছে না। তবে ভক্তদের নিরাশ করবেন না এই জুটি; বিয়ের কয়েকদিন পর হায়দরাবাদে এক এলাহি প্রীতিভোজের (রিসেপশন) আয়োজন করা হবে, যেখানে বিনোদন জগতের নামী-দামী সব তারকাদের মেলা বসবে।
‘গীত গোবিন্দম’ থেকে বাস্তব জীবন
২০১৭ সালে ‘গীত গোবিন্দম’ ছবির সেটে প্রথম আলাপ এই দুই তারকার। এরপর ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাঁদের রসায়ন দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শকরা। পর্দার সেই প্রেম এবার বাস্তবেও পূর্ণতা পেতে চলেছে। যদিও বিজয় বা রশ্মিকা কেউই এখনও আনুষ্ঠানিকভাবে বিয়ের তারিখ ঘোষণা করেননি, তবে উদয়পুরের তোড়জোড় বলছে বিয়ের সানাই বাজা এখন শুধু সময়ের অপেক্ষা।

