উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রুপোলি পর্দার রোম্যান্স কি তবে বাস্তবেও দানা বাঁধছে? একদিকে তামিলনাডুর বিধানসভা নির্বাচনে (Tamil Nadu Election Results 2026) থলপতি বিজয়ের (Thalapathy Vijay) রাজনৈতিক দল ‘তামিলগা ভেট্টি কাজগম’ (TVK)-এর অভাবনীয় উত্থান, অন্যদিকে বিজয়ের বাসভবনে দক্ষিণি অভিনেত্রী তৃষার (Trisha) উপস্থিতি— এই দুইয়ে মিলে আপাতত সরগরম দাক্ষিণাত্যের রাজনীতি ও বিনোদন দুনিয়া।
সোমবার দুপুরে যখন ভোট গণনার প্রাথমিক ট্রেন্ডে তামিলনাডুর রাজনৈতিক মহীরুহদের কপালে চিন্তার ভাঁজ ফেলে ১০০-র বেশি আসনে এগিয়ে বিজয়, ঠিক তখনই চেন্নাইয়ে তাঁর বাড়িতে দেখা গেল তৃষাকে। আজ অভিনেত্রীর ৪৩তম জন্মদিন। সাতসকালে তিরুপতি মন্দিরে পুজো দিয়ে সোজা বিজয়ের বাড়িতে উপস্থিত হন তিনি। সাদা গাড়িতে চড়ে তৃষার এই ঝটিকা সফর ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা।


রাজনীতিতে পা রেখেই যে এমন ‘মাস্টারস্ট্রোক’ দেবেন বিজয়, তা হয়তো অতি বড় রাজনৈতিক বিশেষজ্ঞরাও কল্পনা করতে পারেননি। ১১৪টি আসনে এগিয়ে থেকে ম্যাজিক ফিগার ১১৭-র একেবারে দোরগোড়ায় পৌঁছে গিয়েছেন বিজয়। পেরাম্বুর এবং ত্রিচি ইস্ট— দুই কেন্দ্র থেকেই এগিয়ে রয়েছেন তিনি। উলটোদিকে, মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ও তাঁর পুত্র উদয়নিধি স্ট্যালিন নিজেদের কেন্দ্রে পিছিয়ে পড়েছেন বলে খবর। এক্সিট পোলের ভবিষ্যৎবাণীকে সত্যি করে দিয়ে ডিএমকে ও এআইএডিএমকে-র মতো প্রতিষ্ঠিত দলগুলিকে জোর টক্কর দিচ্ছে টিভিকে।
রাজনীতির উত্তাপের মধ্যেই বিজয় ও তৃষার ব্যক্তিগত রসায়ন নিয়ে চর্চা তুঙ্গে। গত বছরই বিজয়ের দীর্ঘদিনের স্ত্রী সংগীতা বিচ্ছেদ ঘোষণা করেছেন। বিচ্ছেদের কারণ হিসেবে জনৈক অভিনেত্রীর সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। যদিও কারোর নাম প্রকাশ করেননি তিনি। এর মধ্যেই তৃষার সঙ্গে বিজয়ের একাধিকবার জনসমক্ষে উপস্থিতি এবং অভিনেত্রীর জন্মদিনে বিজয়ের বাড়িতে যাওয়া সেই জল্পনার আগুনে নতুন করে ঘৃতাহুতি দিল।
তামিলনাডুর কুর্সি শেষ পর্যন্ত কার দখলে যাবে, তা সময় বলবে; তবে বিজয়ের এই ‘রাজনৈতিক ডেবিউ’ যে ভারতীয় রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় শুরু করল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

