তিরুবনন্তপুরম: কেরলে ভোট যত এগিয়ে আসছে, ততই শাসক সিপিএমের (CPM) সঙ্গে আরএসএসের (RSS) বিরোধ বাড়ছে। এবার সেই সংঘাতের আগুন ঘি ঢেলেছে এর্নাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে স্কুল পড়ুয়াদের দিয়ে আরএসএসের গান গাওয়ানোর ঘটনা। মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) এই ঘটনায় আরএসএসের পাশাপাশি দক্ষিণ রেলেরও তীব্র সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, আরএসএসের গান গাইয়ে দেশের ধর্ম নিরপেক্ষতাকে ধ্বংস করছে রেল।
তিনি বলেন, ‘এর্নাকুলাম-বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনে দক্ষিণ রেল যেভাবে স্কুল পড়ুয়াদের দিয়ে আরএসএসের গণ-গীত গাইয়েছে তা অত্যন্ত নিন্দনীয়। এর প্রতিবাদ হওয়া উচিত।’ মুখ্যমন্ত্রীর তোপ, ‘আরএসএস যারা লাগাতার অন্য ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায় ও সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করে তাদের গান সরকারি অনুষ্ঠানের অংশ করে সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘন করা হয়েছে।’ সংঘের গানকে দেশভক্তির গান বলে যেভাবে দক্ষিণ রেল প্রচার করেছে তারও সমালোচনা করেন তিনি। অন্যদিকে সিপিএমের রাজ্যসভার সাংসদ জন ব্রিটাস ওই গান গাওয়ার একটি ভিডিও সমাজমাধ্যমে শেয়ার করেন। সেই সঙ্গে দক্ষিণ রেলকেও নিশানা করেন তিনি।

