পারথ: যশস্বী জয়সওয়াল দুর্দান্ত প্রতিভা। এখনও পর্যন্ত ওর কেরিয়ারের সেরা ইনিংসটা খেলল পারথে। যশস্বী আগামীর তারকাও।বিরাট কোহলির আমাদেরকে প্রয়োজন নেই। কিন্তু ভারতের প্রয়োজন বিরাটকে। ওর ফর্মে ফিরে শতরানের মধ্যে আরও সাফল্যের সম্ভাবনা রয়েছে। পারথের অপটাস স্টেডিয়ামে ২০১৮ সালে টেস্ট খেলেছি। সেই অভিজ্ঞতা থেকেই জানতাম, এখানে খেলা এগিয়ে চলার সঙ্গে পিচ নরম হয়ে ব্যাটিং সহায়ক হয়ে যায়। অতীতের অভিজ্ঞতা কাজে লেগেছে আমাদের। প্রথম ইনিংসে শুরুটা ভালো হয়নি আমাদের। তৈরি হয়েছিল চাপও। কিন্তু পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়ে ছন্দে ফিরেছি আমরা। ম্যাচটাও জিতেছি। সতীর্থদের নিয়ে আমি গর্বিত।
বক্তার নাম ভারত অধিনায়ক জসপ্রীত বুমরাহ। পারথ টেস্টের ম্যান অফ দ্য ম্যাচও তিনিই। প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে আতঙ্ক তৈরি করেছিলেন তিনি। এমন ধাক্কা দিয়েছিলেন ১৫০ রানের পুঁজি নিয়ে, যেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেননি প্যাট কামিন্সরা। ২৯৫ রানের বড় ব্যবধানে পারথ টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে অধিনায়ক বুমরাহ এক অন্য ভারতীয় দলের সন্ধান দিয়েছেন। যার ইউএসপি হল আদ্যন্ত সুখী এক পরিবার। বুমরাহর কথায়, ‘প্রথম ইনিংসটা ভালো যায়নি আমাদের। মাত্র ১৫০ রানে অলআউট হয়ে চাপে পড়ে গিয়েছিলাম। সেখান থেকেই দল হিসেবে আমরা ঘুরে দাঁড়িয়েছি। পারথ টেস্টের সাফল্যে দলের সবারই অবদান রয়েছে। এই দল ও সতীর্থদের নিয়ে আমি গর্বিত।’
পারথ টেস্টে আট উইকেট দখল করে ম্যাচের সেরা হয়েছেন ভারত অধিনায়ক বুমরাহ। এই সম্মান পেতে পারতেন যশস্বী অথবা কোহলিও। বাস্তব সম্পর্কে প্রবলভাবে সচেতন অধিনায়ক বুমরাহ তাঁর দলের দুই সদস্যকেই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বিশেষ করে যশস্বীর মতো তরুণ প্রতিভাবে টিম ইন্ডিয়ার আগামীর তারকা তকমা দিয়ে বুমরাহ বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের শুরুটা দুর্দান্ত করেছে যশস্বী। সোজাসুজি বলছি, এখনও পর্যন্ত যে কয়টি ইনিংস ও খেলেছে, তার মধ্যে সেরা হল পারথের ১৬১। ওর ভয়ডরহীন আগ্রাসী মানসিকতার পাশে শেখার প্রবল ইচ্ছা যশস্বীকে ভিন্ন স্তরে নিয়ে যাচ্ছে। আমি নিশ্চিত, আগামীর তারকা যশস্বীর ব্যাটে এমন আরও অনেক ইনিংস আমরা দেখব।’ জয়সওয়ালের আন্তর্জাতিক কেরিয়ার কোন পথে যাবে, সময় তার জবাব দেবে। তার আগে বুমরাহ মজেছেন বিরাট বন্দনাতেও।
দীর্ঘসময় রানের মধ্যে ছিলেন না প্রাক্তন ভারত অধিনায়ক। সমালোচনাও চলছিল কোহলিকে নিয়ে। অপটাস স্টেডিয়ামে টেস্ট কেরিয়ারের ৩০ নম্বর শতরান করে বিরাট প্রমাণ করেছেন, তাঁর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি রয়েছে। বুমরাহও এমনটাই মনে করেন। ভারত অধিনায়কের কথায়, ‘আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, বিরাটের আমাদেরকে প্রয়োজন নেই। কিন্তু আমাদের, ভারতের বিরাটকে প্রয়োজন রয়েছে।’ কোহলি বন্দনায় মজে বুমরাহ আরও বলেছেন, ‘বিরাট ফর্মে নেই, ছন্দ পাচ্ছে না, এমন কথা আমি বহুবার শুনেছি। কিন্তু বিশ্বাস করুন, নেটে ওর বিরুদ্ধে বোলিংয়ের সময় আমার একবারও মনে হয়নি কোহলি ফর্মে নেই। শুধু ম্যাচে রান আসছিল না। পারথে সেই রানটা পেয়ে গিয়েছে ও। তাছাড়া চার-পাঁচবার অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা রয়েছে কোহলির। ওর এই অভিজ্ঞতা আমাদের দলের সম্পদ।’
পারথ টেস্টে অভিষেক হওয়া নীতীশ কুমার রেড্ডি, হর্ষিত রানাদেরও প্রশংসা করেছেন বুমরাহ। বলেছেন, ‘কঠিন পরিস্থিতিতে চাপের মধ্যে আমরা দল হিসেবে পারফর্ম করেছি। আর সেই পারফরমেন্সে হর্ষিত-নীতীশদের মতো অনভিজ্ঞদেরও সমান অবদান রয়েছে।’ ২০১৮ সালে পারথের অপটাস স্টেডিয়ামে টেস্ট খেলেছিলেন বুমরাহ। সেই টেস্টে ভারত হেরেছিল। তবে ছয় বছর আগের অভিজ্ঞতা এবার কাজে দিয়েছে বলে জানাচ্ছেন বুমরাহ। তাঁর কথায়, ‘ছয় বছর আগে এখানে টেস্ট খেলেছিলাম। সেই অভিজ্ঞতা থেকে জানতাম, খেলা গড়ানোর সঙ্গে উইকেট নরম হবে। বলের গতির হেরফেরও বোঝা যাবে।’

