রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬

WB Budget 2026 | ভোটকে সামনে রেখে বড় পদক্ষেপ! প্রত্যাশা মতোই লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়াল রাজ্য

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রত্যাশামতোই অন্তর্বর্তী বাজেটে (WB Budget 2026) লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়ানো হল। মোটের উপর ৫০০ টাকা করে বরাদ্দ বাড়তে চলেছে। সাধারণ বিভাগের মহিলারা যাঁরা ১,০০০ টাকা করে ভাতা পান তাঁরা ১৫০০ টাকা করে ভাতা পাবেন। অন্যদিকে তপসিলি জাতি ও উপজাতির মহিলারা যাঁরা ১,২০০ টাকা করে ভাতা পেতেন, তাঁরা ১৭০০ টাকা করে পাবেন।

লক্ষ্মীর ভাণ্ডারে বৃদ্ধি

লক্ষ্মীর ভাণ্ডারে (Lakshmir Bhandar) ভাতা যে বাড়তে চলেছে তা নিয়ে একপ্রকার নিশ্চয়তা ছিলই। ভোটের আগে এটা রাজ্য সরকারের অন্যতম অস্ত্র। সেই মতোই এদিন বাজেট পেশের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্যের সবথেকে জনপ্রিয় সামাজিক সুরক্ষা প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এ এক ধাক্কায় ৫০০ টাকা ভাতা বৃদ্ধির ঘোষণা করেছে সরকার। অর্থ প্রতিমন্ত্রী জানান, সাধারণ বিভাগের মহিলারা, যাঁরা এত দিন মাসে ১০০০ টাকা করে পেতেন, এখন থেকে তাঁরা পাবেন ১৫০০ টাকা। অন্যদিকে, তপসিলি জাতি ও উপজাতির মহিলারা ১২০০ টাকার পরিবর্তে প্রতি মাসে ১৭০০ টাকা করে পাবেন। ফেব্রুয়ারি থেকেই বর্ধিত হারে লক্ষ্মীর ভাণ্ডার মিলবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যের বিশাল মহিলা ভোটব্যাঙ্ককে নিজেদের দিকে টানতেই এই বড় পদক্ষেপ।

খুশির হাওয়া আশাকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের মধ্যে

বাজেটে শুধুমাত্র গৃহবধূরাই নন, বিশেষ নজর দেওয়া হয়েছে গ্রাসরুট লেভেলের কর্মীদের ওপর। রাজ্যের আশাকর্মী, আইসিডিএস কর্মী, প্যারাটিচার এবং সিভিক ভলান্টিয়ারদের ভাতা মাসে ১০০০ টাকা করে বাড়ানো হচ্ছে। দীর্ঘদিন ধরে এই কর্মীরা তাঁদের ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। নির্বাচনের আগে তাঁদের এই দাবি মেনে নিয়ে সরকার কার্যত এক ঢিলে অনেক পাখি মারল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সরকারি কর্মীদের জন্য ডিএ ঘোষণা

বাজেটে সরকারি কর্মচারীদের জন্যও সুখবর দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। ঘোষণা করা হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ (DA) আরও ৪ শতাংশ বাড়ানো হচ্ছে। আগামী ১ এপ্রিল থেকেই এই বর্ধিত ডিএ কার্যকর হবে। যদিও কেন্দ্রীয় হারের সঙ্গে ডিএ-র ফারাক নিয়ে ক্ষোভ রয়েছে একাংশের মধ্যে, তবে নির্বাচনের মুখে এই ঘোষণা সরকারি কর্মীদের মন জয়ে কিছুটা সাহায্য করবে বলেই মনে করছে শাসকদল।

বিরোধীরা এই বাজেটকে ‘ভোট পাওয়ার সস্তা কৌশল’ বলে কটাক্ষ করলেও, সাধারণ মানুষের হাতে সরাসরি নগদ টাকা পৌঁছে দেওয়ার এই নীতি তৃণমূল কংগ্রেসকে অতীতেও সাফল্য এনে দিয়েছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের অতিরিক্ত ৫০০ টাকা যে গ্রামের মহিলাদের মধ্যে বড় প্রভাব ফেলবে, তা নিয়ে সন্দেহ নেই। সব মিলিয়ে, লক্ষ্মীর ভাণ্ডার, সিভিক ভলান্টিয়ারদের ভাতা বৃদ্ধি এবং ডিএ—এই ত্র্যহস্পর্শে ছাব্বিশের রণদামামা বাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

More like this
Related

Azimganj Passenger Fire | কাটোয়ায় আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের কামরায় ভয়াবহ আগুন! শর্ট সার্কিট নয়, নাশকতার তত্ত্ব উসকে দিল রেল

বর্ধমান: রবিবার ভোরে পূর্ব বর্ধমানের কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা...

Yuvasathi Scheme West Bengal | ডিগ্রি আছে, চাকরি নেই! ১৫০০ টাকার ‘যুবসাথী’র লাইনে উচ্চশিক্ষিতদের ভিড়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: একুশের নির্বাচনে গেমচেঞ্জার ছিল ‘লক্ষ্মীর...

Siliguri | পাড়ে দাঁড় করানো স্কুটার, চিঠি লিখে রেখে মহানন্দা ক্যানেলে ঝাঁপ ব্যক্তির

শিলিগুড়ি: প্রকাশ্য দিবালোকে মহানন্দা ক্যানেলে এক ব্যক্তির ঝাঁপ দেওয়ার...

Tollygunge | শিবরাত্রির সকালে টালিগঞ্জের অভিজাত আবাসনে অগ্নিকাণ্ড! অল্পের জন্য রক্ষা পেলেন যশ-নুসরত-সায়ন্তিকারা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিবরাত্রির পুণ্য লগ্নেই বড়সড়ো অগ্নিকাণ্ডের...