উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তপ্ত রোদে যখন জনজীবন ওষ্ঠাগত, তখন এক ফালি কচি শসা (Cucumber) শরীরে এনে দিতে পারে অনাবিল প্রশান্তি। শসায় প্রায় ৯৫ শতাংশ জল থাকে, যা তীব্র গরমে শরীরকে হাইড্রেটেড রাখতে এবং খনিজ লবণের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তবে কেবল তৃষ্ণা মেটাতেই নয়, সঠিক সময়ে ও সঠিক পদ্ধতিতে শসা খেলে এটি আপনার ওজন কমাতেও জাদুর মতো কাজ করতে পারে।
শসা খাওয়ার আদর্শ সময়


অনেকেই মনে করেন শসা যেকোনও সময় খাওয়া যায়। তবে পুষ্টিবিদদের মতে, ওজন কমাতে চাইলে শসা খাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হল দুপুরের খাবারের অন্তত ২০-৩০ মিনিট আগে। এতে পাকস্থলী অনেকটা পূর্ণ থাকে, ফলে মূল খাবারে অতিরিক্ত ক্যালোরি গ্রহণের প্রবণতা কমে। এছাড়া বিকেলের জলখাবারে ভাজাপোড়ার বদলে শসা খেলে শরীরের মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া উন্নত হয়, যা জমে থাকা চর্বি গলাতে সহায়ক।
ওজন কমাতে ও সুস্থ থাকতে শসা খাওয়ার জরুরি কিছু নিয়ম জেনে নিন-
১. শসা খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাওয়া থেকে বিরত থাকুন। এতে শসার প্রাকৃতিক পুষ্টিগুণ নষ্ট হয় এবং পেটে ব্যথার ঝুঁকি থাকে।
২. যাদের হজমের সমস্যা আছে, তাঁরা রাতে শসা এড়িয়ে চলুন। শসার ফাইবার হজম হতে সময় নেয়, যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
৩. শসার খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন-কে এবং ফাইবার থাকে। তাই ভালো করে ধুয়ে খোসা সহ খাওয়ার চেষ্টা করুন।

