উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আসন্ন বিধানসভা নির্বাচনের (WB Election 2026) রণকৌশলে বড়সড় রদবদল ঘটাল কংগ্রেস (Congress) নেতৃত্ব। দলের অন্দরে জমতে থাকা ক্ষোভ আর কর্মী-সমর্থকদের লাগাতার বিক্ষোভের মুখে পড়ে বুধবার রাজ্যের সাতটি আসনে প্রার্থী বদলের ঘোষণা করল বিধান ভবন। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জেলা থেকে কলকাতা পর্যন্ত যে অসন্তোষের আগুন ছড়িয়েছিল, তা নেভাতেই এই তড়িঘড়ি সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।
সূত্রের খবর, বিভিন্ন আসন থেকে আসা অভিযোগগুলি গুরুত্ব দিয়ে পর্যালোচনার পর একটি রিপোর্ট দিল্লিতে (Delhi) পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সঙ্কেত মিলতেই বুধবার সাতটি কেন্দ্রের পুরনো নাম বদলে নতুন মুখ সামনে আনা হয়। এর পাশাপাশি উত্তর ২৪ পরগনার হাবড়া আসনে প্রণব ভট্টাচার্যের নামও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
নদিয়া জেলার নাকাশিপাড়ায় গোলাম কিব্রিয়া মণ্ডলের বদলে প্রার্থী হচ্ছেন তাহির শেখ এবং চাপড়ায় রহিদুল মণ্ডলের জায়গায় লড়বেন আসিফ খান। উত্তর ২৪ পরগনার মিনাখাঁয় বর্ণালী নস্করের পরিবর্তে সুনয়না বিশ্বাস এবং দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে কৌশিক বৈদ্যের বদলে টিকিট দেওয়া হয়েছে চাঁদ সর্দারকে। পূর্ব বর্ধমান জেলায় তিনটি আসনে বদল আনা হয়েছে; রায়নায় পম্পা মালিক, কেতুগ্রামে শেখ আবু বকর এবং আউশগ্রামে তাপস বড়ালকে প্রার্থী করা হয়েছে।
গত বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট বেঁধেও কংগ্রেসকে শূন্য হাতে ফিরতে হয়েছিল। সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনো জোটের পথে না হেঁটে ‘একলা চলো’ নীতি গ্রহণ করেছে হাত শিবির। তবে ভোটের ময়দানে নামার আগেই দলের অন্দরের এই ডামাডোল এবং প্রার্থী বদলের সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হয়, এখন সেটাই দেখার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ঘর সামলে জমি পুনরুদ্ধার করাই এখন কংগ্রেসের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

