উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘভাতা বা ডিএ (Dearness Allowance) মামলার রায় ঘোষণা হতে চলেছে আজ (DA Case Verdict)। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের ১১ নম্বর এজলাসে এই ঐতিহাসিক রায় শোনানোর কথা রয়েছে (Supreme Court)। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া পাওনা মিটবে কিনা তা নিয়ে এই মুহূর্তে উত্তেজনার পারদ তুঙ্গে।
মামলার প্রেক্ষাপট ও আইনি লড়াই:


রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ আন্দোলনের পর মামলাটি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছায়। এর আগে গত ১৬ মে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ নির্দেশ দিয়েছিল, চার সপ্তাহের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ রাজ্যকে মিটিয়ে দিতে হবে। কিন্তু নবান্ন সেই নির্দেশ পালন না করে অর্থ সংকটের দোহাই দিয়ে আদালতের কাছে আরও ছয় মাস সময় চায়। রাজ্যের দাবি ছিল, চলতি অর্থবর্ষে এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের সংস্থান নেই।
অধিকার বনাম দাক্ষিণ্য বিতর্ক:
শুনানি চলাকালীন রাজ্যের আইনজীবীরা একাধিকবার সওয়াল করে দাবি করেছিলেন যে, ‘ডিএ কোনও আইনি অধিকার নয়, বরং সরকারের সামর্থ্য অনুযায়ী দেওয়া একটি সুযোগ বা দাক্ষিণ্য।’ অন্যদিকে, কর্মী সংগঠনগুলোর দাবি ছিল, মূল্যবৃদ্ধির বাজারে ডিএ কর্মীদের বেঁচে থাকার অধিকারের অংশ। গত ৮ সেপ্টেম্বর দীর্ঘ শুনানির পর সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত (Reserved) রেখেছিল। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ চূড়ান্ত রায় দিতে পারে শীর্ষ আদালত।
আশায় বুক বাঁধছেন কর্মীরা:
ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে কর্মীরা জয় পেলেও প্রশাসনিক দীর্ঘসূত্রতায় তা বাস্তবায়ন হয়নি। সুপ্রিম কোর্টের আজকের রায় যদি কর্মীদের পক্ষে যায়, তবে বকেয়া ডিএ আদায়ের পথে তা হবে এক বিশাল জয়। এখন দেখার, বিচারপতিদের কলমে কয়েক লক্ষ সরকারি পরিবারের মুখে হাসি ফোটে কি না।

