উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শুধু জনসভাই নয়, উত্তরবঙ্গ জুড়ে একের পর এক পদযাত্রাতেও অংশ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ইসলামপুরে জনসভার পর সেখান থেকে সোজা শিলিগুড়িতে হিন্দি হাইস্কুলের মাঠে হেলিপ্যাডে এসে নামেন মমতা। সেখান থেকে সড়কপথে আসেন হিলকার্ট রোডে। এরপর হেরিটেজ হোটেলের সামনে থেকে পদযাত্রা শুরু করে ভেনাস মোড় পর্যন্ত হাঁটেন তিনি। সঙ্গে ছিলেন শিলিগুড়ির প্রার্থী গৌতম দেব, মাটিগারা নকশালবাড়ি বিধানসভার প্রার্থী শংকর মালাকার ও ফাঁসিদেওয়ার প্রার্থী রীনা টোপ্পো এক্কা। শিলিগুড়ির সভায় রাস্তার দুধারেই বহু মানুষ দাঁড়িয়ে যান মমতাকে দেখার জন্য। অনেককেই দেখা যায় মোবাইলে ছবি তুলতে। মুখ্যমন্ত্রীও হাত নেড়ে সকলের অভিবাদন গ্রহণ করেন। এখান থেকে গিয়ে নাগরাকাটা বিধানসভার প্রার্থী সঞ্জয় কুজুরের সমর্থনে মঙ্গলবাড়ি থেকে চালসা গোলাই পর্যন্ত পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর পদযাত্রাকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তা ছিল হিলকার্ট রোডে। যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তবে ১ বৈশাখের সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর এই পদযাত্রা ঘিরে ব্যবসায়ীমহল ও সাধারণ শহরবাসীর একাংশ ক্ষুব্ধ। অনেকেই জানিয়েছেন, নববর্ষের দিনে এই সময় প্রচুর মানুষ দিনটি উপভোগ করেন। দোকানে দোকানে হালখাতা চলে। কিন্তু নিরাপত্তা জনিত কড়াকড়ির কারণে সেভাবে হালখাতাই উদযাপন করা যায়নি।



