উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যে কনকনে শীত আর নেই বললেই চলে। ভোর ও রাতের দিকে হালকা শীত অনুভূত হলেও বেলা বাড়লেই বাড়তে থাকে গরম। হাওয়া অফিস জানিয়েছে, এবার শীত বিদায়ের পালা। আপাতত পারদ পতনের সম্ভাবনা আর নেই (Weather Report)।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের (North Bengal) পাহাড়ি ও সমতলের জেলাগুলিতে শীতের আমেজ কিছুটা হলেও টের পাওয়া যাচ্ছে। আগামী শুক্রবার পর্যন্ত প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট বজায় থাকবে। বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিবারও দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি হতে পারে। তবে বুধ ও বৃহস্পতিবার তুষারপাতের পূর্বাভাসও রয়েছে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গে তাপমাত্রা হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই।


অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের দাপট কার্যত বিদায়ের পথে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে রোদ ঝলমলে হবে। বীরভূম, মুর্শিদাবাদ এবং দুই ২৪ পরগনার মতো জেলাগুলিতে সকালের দিকে হালকা ঠান্ডার অনুভূতি থাকলেও দিনের বেলা রোদ গায়ে লাগলে অস্বস্তি হতে পারে। দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, বরং আর্দ্রতাজনিত কারণে ভোরের দিকে হালকা কুয়াশার চাদরে ঢাকা থাকতে পারে চারপাশ।
সার্বিকভাবে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় বঙ্গে শীতের দাপট কমেছে। আপাতত আগামী এক সপ্তাহ তাপমাত্রার বড় কোনও রদবদল হবে না বলেই পূর্বাভাস।

