উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বৃষ্টির জেরে কার্যত বদলে গিয়েছে আবহাওয়ার মেজাজ। আজ ফের রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে, তা জেনে নিন (Weather Update)।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা আজ কিছুটা বেশি থাকতে পারে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে পাল্লা দিয়ে বইতে পারে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। শুক্রবারও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং জেলায়। তবে আগামী দিনে এক ধাক্কায় ৪-৬ ডিগ্রি বাড়বে তাপমাত্রা, এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতা সহ দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে মেঘের পরিমাণ বৃদ্ধি পেয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং নদিয়া জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না হাওয়া অফিস। সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বৃষ্টির সময় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
সার্বিকভাবে, উত্তর থেকে দক্ষিণ—পুরো রাজ্যেই আজ বৃষ্টির দাপট বজায় থাকবে।

