উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মাঘের শুরুতেই ঝোড়ো ব্যাটিং শুরু করেছে শীত (West Bengal Winter Update)। উত্তুরে হাওয়ার দাপটে শুক্রবার ফের একধাক্কায় অনেকটা নামল কলকাতার পারদ। তবে সবচেয়ে বড় চমক দিল দক্ষিণবঙ্গের জেলাগুলো। চলতি মরশুমে পাহাড়ি শহর কালিম্পংকেও ঠাণ্ডায় গোল দিচ্ছে বীরভূম, নদিয়া বা ঝাড়গ্রামের মতো সমতলের জেলা। দার্জিলিংয়ের (Darjeeling Temperature) পর শুক্রবার রাজ্যের দ্বিতীয় শীতলতম স্থান এখন দক্ষিণবঙ্গের শ্রীনিকেতন।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শুক্রবার কলকাতার (Kolkata Weather) সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। গত দু’দিন পারদ ১৩ ডিগ্রির ঘরে থাকলেও আজ শীতের দাপট বেড়েছে। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের চেয়ে বেশ কম (২৩.৫ ডিগ্রি)। ফলে দিনভর বজায় ছিল শিরশিরানি।
দক্ষিণবঙ্গ বনাম উত্তরবঙ্গ: শুক্রবার রাজ্যের শীতলতম শহর ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে অবধারিতভাবে দার্জিলিং। কিন্তু এর পরেই নাম আসছে বীরভূমের শ্রীনিকেতনের, যেখানে পারদ নেমেছে ৭.৬ ডিগ্রিতে। অন্যদিকে পাহাড়ি কালিম্পংয়ের তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি। অর্থাৎ পাহাড়ের চেয়েও বেশি কনকনে ঠাণ্ডায় কাঁপছে রাঢ় বাংলা। এছাড়াও কল্যাণী (৮.৪ ডিগ্রি), বাঁকুড়া (৮.৬ ডিগ্রি) এবং ঝাড়গ্রামে (৮.৮ ডিগ্রি) তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে রয়েছে। সমতলের জেলাগুলোতে হু হু করে কমছে দৃশ্যমানতা।
কুয়াশার সতর্কতা: শীতের সঙ্গে দোসর হয়েছে ঘন কুয়াশা। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ— সর্বত্রই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মালদা, কোচবিহার বা দুই দিনাজপুরের পাশাপাশি দক্ষিণবঙ্গের হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া ও বীরভূমে দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। ফলে জাতীয় সড়ক ও রেল চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা থাকছে।
আগামী কয়েকদিনের পূর্বাভাস: তবে এই হাড়কাঁপানো শীত খুব বেশিদিন স্থায়ী হবে না বলেই মনে করছেন আবহবিদারা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী তিনদিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তন না হলেও, তারপর থেকে ধীরে ধীরে চড়বে পারদ। আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। ফলে শীতের এই ঝোড়ো স্পেল উপভোগ করার জন্য হাতে আর মাত্র কয়েকটা দিনই সময় আছে বাঙালির।

