উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ মানেই উত্তেজনার পারদ চরমে। তবে বর্তমান পরিস্থিতিতে মাঠের বাইরেও কূটনৈতিক টানাপোড়েন স্পষ্ট। এই আবহেই ঠিক উলটো পথে হাঁটল হকি ইন্ডিয়া (HI)। দেশের হকি নিয়ন্ত্রক সংস্থা সাফ জানিয়ে দিল, পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাই-ফাইভ বা করমর্দন (হ্যান্ডশেক) করার ক্ষেত্রে ভারতীয় খেলোয়াড়দের কোনও নিষেধাজ্ঞা নেই। এই সিদ্ধান্ত ক্রিকেট দলের সাম্প্রতিক ‘নো হ্যান্ডশেক’ নীতির সম্পূর্ণ বিপরীত।
ক্রিকেট থেকে দূরত্ব তৈরি হলেও, হকি খেলার মাঠে সৌহার্দ্যের ছবিটা ধরা পড়েছে গত মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠিত সুলতান অব জোহর কাপে। সেখানে ভারত ও পাকিস্তানের খেলোয়াড়দের মধ্যে হাই-ফাইভ ও শুভেচ্ছা বিনিময় হয়। সেই ইতিবাচক উদাহরণকেই এবার স্থায়ী নীতি হিসেবে গ্রহণ করতে চলেছে হকি ইন্ডিয়া।


সম্প্রতি এশিয়া কাপ এবং আইসিসি মহিলা বিশ্বকাপ ২০২৫-এ ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দলকে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি। দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনাই ছিল এই সিদ্ধান্তের নেপথ্যে। কিন্তু হকি ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ক্রিকেটের এই পথ অনুসরণ করবে না।
হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলা নাথ সিং এই প্রসঙ্গে তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, “আমরা ক্রিকেটের দ্বারা পরিচালিত হই না। ক্রিকেটাররা যা করেছে, সেটা তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমরা অলিম্পিক চার্টার এবং আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH)-এর নীতি মেনে চলি।”
তিনি আরও বলেন, “আমাদের পক্ষ থেকে খেলোয়াড়দের এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি যে, তাঁদের হাই-ফাইভ বা হ্যান্ডশেক করা চলবে না। আমরা সব সময়ই খেলার স্পিরিট অনুসরণ করি। ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে খেলা হলেও, হকি ইন্ডিয়া কোনও নতুন নির্দেশ দেবে না। আমরা মাঠে খেলব এবং জেতার চেষ্টা করব।”

