মেটেলি: স্বাধীনতা দিবসে কলকাতার রেড রোডের প্যারেডে এবার অংশ নেবেন মহিলা চা শ্রমিকরা। এই প্রথম চা বাগানের মহিলা শ্রমিকরা স্বাধীনতা দিবসে প্যারেডে অংশ নেবেন। এই প্যারেডে অংশ নিতে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার তরাই-ডুয়ার্সের ১২০ জন চা শ্রমিক কলকাতা যাচ্ছেন। বুধবার তাঁরা কোলকাতার উদ্দেশ্য রওনা হবেন। কোলকাতায় পৌঁছানোর পর তাদের প্যারেডে প্রশিক্ষণ দেওয়া হবে। তাদের যাতায়াত, থাকা-খাওয়ার ব্যবস্থা করবে শ্রম দপ্তর ও রাজ্য সরকার। এদিন মেটেলি থানায় মেটেলি ব্লকের ১৪ জন মহিলা চা শ্রমিককে কলকাতা রওনা হওয়ার আগে সংবর্ধনা জানানো হয়।
মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান, মেটেলি থানার আইসি মিংমা লেপচা, জেলা পরিষদ সদস্য রেজাউল বাকি, স্নোমিতা কালান্দী, সমাজসেবী জোসেফ মুন্ডা প্রমুখ তাদের খাদা পড়িয়ে, হাতে গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা জানায়। এই দলের কোঅর্ডিনেটর হিসেবে থাকা প্রকাশ নায়েককেও এদিন সংবর্ধনা জানানো হয়। স্বাধীনতার পর এই প্রথমবার চা শ্রমিকরা রেড রোডের প্যারেডে অংশ নেওয়ায় খুশি চা শ্রমিকরা।

