উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জসপ্রীত বুমরাহর প্রথম বলেই গ্যালারিতে ক্যাচ! ১৫ বছরের বৈভব সূর্যবংশীর (Vaibhav Sooryavanshi) এমন দুঃসাহসিক ব্যাটিং দেখে শুধু ক্রিকেট বিশ্ব নয়, অবাক হয়ে গিয়েছিলেন খোদ ওপেনিং পার্টনার যশস্বী জয়সওয়ালও। মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে জয়ের পর যশস্বী জানালেন, বৈভবকে তিনি কেবল নিজের স্বাভাবিক খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।
যশস্বী জানান, বুমরাহ বল করতে আসার পর তিনি বৈভবকে গিয়ে বলেছিলেন, “নিজের শট খেলে যা।” যশস্বীর মতে, বুমরাহ একজন কিংবদন্তি বোলার। তাঁকে যদি শুরুতেই চাপে রাখা যায়, তবে মুম্বইয়ের বাকি বোলাররাও মানসিকভাবে পিছিয়ে পড়বে। বৈভব ঠিক সেটাই করেছে। প্রথম বলেই বুমরাহকে লং অনের ওপর দিয়ে ছক্কা মেরে মুম্বইয়ের বোলিং আক্রমণের ছন্দ বিগড়ে দেয় এই কিশোর। এতে যশস্বীর নিজের কাজটাও অনেক সহজ হয়ে গিয়েছিল বলে তিনি স্বীকার করেন।
সাধারণত ওপেনিংয়ে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন পছন্দ করে দলগুলো। কিন্তু রাজস্থানের হয়ে দুই বাঁ-হাতি ওপেনার নামলেও কোনো সমস্যা হচ্ছে না বলে জানান যশস্বী। তিনি বলেন, “আমাদের জুটিটা বেশ ভালো। আমরা দু’জনেই শট মারতে ভালোবাসি এবং ইতিবাচক ক্রিকেট খেলি। বৈভব অপর প্রান্তে থাকায় আমার ওপর থেকে চাপ অনেক কমে যায়, ফলে আমি দলের কথা ভেবে লম্বা ইনিংস খেলার সুযোগ পাই।”
মঙ্গলবার গুয়াহাটির মাঠে বৈভবের ১৪ বলে ৩৯ এবং যশস্বীর ৩২ বলে অপরাজিত ৭৭ রানের বিধ্বংসী ইনিংসে ভর করে ১১ ওভারে ১৫০ রান তোলে রাজস্থান। জবাবে নির্ধারিত ওভারে ৯ উইকেটে মাত্র ১২৩ রানেই থমকে যায় মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। এই জয়ের ফলে আইপিএল ২০২৬-এর পয়েন্ট তালিকায় টানা তিন ম্যাচ জিতে শীর্ষস্থান দখল করল সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস।
যশস্বীর অভিজ্ঞতা আর বৈভবের তারুণ্য—এই দুইয়ের মেলবন্ধনে রাজস্থান রয়্যালস এবার আইপিএলে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে।

