উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জিমে গিয়ে ভারী ওজন তোলার ধকল না নিয়ে অনেকেই এখন সুস্থ থাকতে ঘরোয়া যোগাসন বেছে নিচ্ছেন। যোগব্যায়াম পেশির নমনীয়তা বাড়াতে এবং স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে সাহায্য করে। তবে এর পূর্ণ সুফল পেতে সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখা জরুরি। যোগাসনের আগে ও পরে কী খাবেন এবং কখন খাবেন, তার একটি নির্দেশিকা নিচে দেওয়া হলো:
যোগাসনের অন্তত ১ থেকে ২ ঘণ্টা আগে সহজপাচ্য খাবার খাওয়া উচিত। এক মুঠো ভেজানো কাঠবাদাম, কিশমিশ বা ছাতুর শরবত এনার্জি জোগাতে সাহায্য করে। এছাড়া ঘরে পাতা টক দইয়ের সঙ্গে ফল বা এক চামচ পিনাট বাটার খাওয়া যেতে পারে। অতিরিক্ত শক্তির জন্য ব্ল্যাক কফি বা ডার্ক চকলেটও উপকারী। মনে রাখবেন, ব্যায়ামের অন্তত ৩০-৪৫ মিনিট আগে জল খেয়ে নিতে হবে, ঠিক করার আগে নয়।


ব্যায়াম শেষ করার ৩০ থেকে ৪৫ মিনিট পর খাবার খাওয়া সবচেয়ে ভালো। এই সময় শরীরের বিপাক হার (Metabolism) বেশি থাকে। পেশি মজবুত করতে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন— সেদ্ধ ডিমের সাদা অংশ, পনির বা ছানা রাখা জরুরি। শরীরের খনিজ লবণের ঘাটতি মেটাতে ডাবের জল বা লেবুর জল অত্যন্ত কার্যকরী।
ওজন দ্রুত কমাতে চাইলে জলখাবারে ওটস, ডালিয়া, কিনোয়া বা বেসনের চিল্লা খেতে পারেন। ঘরোয়া খাবারের মধ্যে চিঁড়ের পোলাও বা সুজি চললেও, মুড়ি না খাওয়াই ভালো। এছাড়া নিরামিষাশীরা মাশরুম বা পনির খেতে পারলেও সয়াবিন এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

