উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে নানা পরিবর্তন আসে। বিশেষ করে ৪০-এর কোঠা পেরোনোর পর শরীর ও মনের তারুণ্য ধরে রাখা এক বড় চ্যালেঞ্জ। মধ্যবয়সে সুস্থ থাকতে সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা অত্যন্ত জরুরি। তবে যাঁদের আগে শরীরচর্চার অভ্যাস নেই, তাঁদের জন্য খুব কঠিন আসন করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সুস্থ থাকতে এবং যৌবন ধরে রাখতে আপনি ভরসা রাখতে পারেন সহজ অথচ অত্যন্ত কার্যকর এই ৩টি যোগাসনের ওপর।
১. পদহস্তাসন
এই আসনটি মেরুদণ্ড নমনীয় করতে এবং রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে।


-
পদ্ধতি: সোজা হয়ে দাঁড়িয়ে শ্বাস নিতে নিতে হাত মাথার ওপর তুলুন। এবার শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে ঝুঁকুন। হাঁটু না ভেঙে হাত দিয়ে গোড়ালি ছোঁয়ার চেষ্টা করুন। যতটুকু পারবেন ততটুকুই ঝুঁকুন, জোর করার প্রয়োজন নেই। এই অবস্থায় কিছুক্ষণ থাকুন।
২. শলভাসন
কোমর ও পিঠের পেশি শক্ত করতে এই আসনটি অতুলনীয়।
-
পদ্ধতি: উপুড় হয়ে শুয়ে দু’হাত উরুর নিচে রাখুন। শ্বাস নিতে নিতে প্রথমে বাম পা এবং পরে ডান পা সোজা রেখে ওপরে তুলুন। এরপর একইভাবে দুই পা একসঙ্গে ওপরে তোলার অভ্যাস করুন। প্রতিবার ৫ সেকেন্ড করে ধরে রেখে ৩টি সেট করুন।
৩. সেতুবন্ধাসন (ব্রিজ পোজ়)
পিঠের ব্যথা কমাতে এবং পেটের মেদ ঝরাতে এই আসনটি দারুণ কাজ করে।
-
পদ্ধতি: চিত হয়ে শুয়ে দুই হাঁটু ভাঁজ করুন। এবার পিঠ ও কোমরের ওপর ভর দিয়ে ধীরে ধীরে কোমর ওপরের দিকে তুলুন। স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস নিয়ে ২০ সেকেন্ড এই ভঙ্গিতে থেকে আগের অবস্থানে ফিরে আসুন।
উপকারিতা: এই যোগাসনগুলো নিয়মিত অভ্যাস করলে শুধু শরীর নয়, মনও ভালো থাকে। নিয়মিত অনুশীলনে শরীরের জড়তা কাটে এবং বার্ধক্যের ছাপ সহজে পড়ে না। তবে মনে রাখবেন, যেকোনো নতুন ব্যায়াম শুরুর আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।

