শুভাশিস বসাক, ধূপগুড়ি: ধূপগুড়ি শহরের (Dhupguri) রাস্তায় বাইক স্টান্ট তরুণদের। দুর্ঘটনার আশঙ্কার মধ্যে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে ট্রাফিক গার্ড। জরিমানার পরিকল্পনাও রয়েছে ট্রাফিক গার্ডের।
ধূপগুড়ির ঝুমুর সেতু, গয়েরকাটাগামী এশিয়ান হাইওয়েতে দিনদুপুরে বাইক নিয়ে স্টান্ট করছেন একশ্রেণির তরুণরা। এশিয়ান হাইওয়েতে প্রতি মুহূর্তে প্রায় সবসময়ই গাড়ি চলাচল করছে। ব্যস্ততম সেই রাস্তায় এভাবে কেরামতি দেখানো বিপজ্জনক। সে কথা ওই তরুণরাও জানেন। তারপরও নিজেদের ‘ডেয়ারিং’ দেখাতে গিয়ে চলন্ত গাড়ির সামনে বাইক নিয়ে কেউ কেরামতি দেখাচ্ছেন। কেউ আবার সেই কেরামতির ভিডিও করছেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতে লাইক পড়ছে হাজার হাজার। পরেরদিন তাই দ্বিগুণ উৎসাহে চলছে স্টান্টবাজি।
এতে যে নিজেদের প্রাণহানির আশঙ্কা দেখা দিচ্ছে, সে বিষয়ে থোড়াই কেয়ার! সেইসঙ্গে প্রাণ যেতে পারে অন্যদেরও। পুলিশ ও প্রশাসনের তরফে এর আগে একাধিকবার পদক্ষেপ করা হয়েছে। ট্রাফিক গার্ড প্রতিনিয়ত দুর্ঘটনা রোধে সচেতনতামূলক প্রচার চালাচ্ছে। এরপরও ঘটছে একের পর এক দুর্ঘটনা।
এর আগে বাইক নিয়ে স্টান্ট দেখাতে গিয়ে ঝুমুর এলাকায় এশিয়ান হাইওয়ের ওপর এক তরুণ দুর্ঘটনার কবলে পড়েছিলেন। সামান্য আহত হন এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর ছাড়া হয়।
ট্রাফিক গার্ড সূত্রে জানা গিয়েছে, বিষয়টি নিয়ে কড়া পদক্ষেপ করা হবে। শহরের সচেতন নাগরিক অবশ্য প্রশ্ন তুলছেন এই স্টান্টবাজ তরুণদের অভিভাবকদের ভূমিকা নিয়ে। ধূপগুড়ির বাসিন্দা প্রদীপ দাসের কথায়, ‘প্রথমে অভিভাবকদের সতর্ক হতে হবে। অল্পবয়সিদের হাতে বাইক দেওয়া যাবে না। একইসঙ্গে ট্রাফিক গার্ডকেও কড়া হাতে জরিমানা বা কড়া আইনি ব্যবস্থা নিতে হবে।’ একই কথা বললেন শহরের আরেক বাসিন্দা রাজেশ ঘোষ। তাঁর কথায়, ‘এই বাইকচালকদের দাপটে সাধারণ মানুষের প্রাণ নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। বাইক নিয়ে কেরামতি দেখাতে গিয়ে তো এঁরা অন্যের জীবনে বিপদ ডেকে আনছেন। নিজেদেরও ক্ষতি হতে পারে।’
সম্প্রতি ধূপগুড়ি ট্রাফিক গার্ড কয়েকটি বাইক থেকে মডিফায়েড সাইলেন্সার খুলে দিয়েছিল। এরপর সেইসব বাইকচালকের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়। বলা হয়েছিল, ফের মডিফায়েড সাইলেন্সার লাগিয়ে ঘুরলে জরিমানা করা হবে।
জলপাইগুড়ির ডেপুটি পুলিশ সুপার (ট্রাফিক) অরিন্দম পাল চৌধুরী বলেন, ‘বাইকচালক, বিশেষ করে তরুণদের সতর্ক করা হচ্ছে। তারপরও কেউ গুরুত্ব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

