মালদা: এসআইআর (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা (Voter List) থেকে নাম বাদ পড়ার আশঙ্কায় চরম পথ বেছে নিলেন এক যুবক। সোমবার সকালে পুরাতন মালদা (Malda) ব্লকের সাহাপুর অঞ্চলের পাথার মাধাইপুর এলাকায় ধানের জমির মাঝে একটি ইলেকট্রিক খুঁটি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ৩৭ বছর বয়সী কাবিল সেখকে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।
পেশায় কৃষক কাবিল সেখের পরিবার সূত্রে জানা গেছে, এসআইআর প্রক্রিয়ায় কাবিল সহ তাঁর চার ভাইয়ের নামই ‘বিচারাধীন’ তালিকায় ছিল। রবিবার রাতে এসআইআর-এর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর জানা যায়, ওই পরিবারের চার ভাইয়ের নামই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এই খবর পাওয়ার পর থেকেই চরম দুশ্চিন্তায় ভেঙে পড়েন কাবিল। রবিবার রাত থেকে নিখোঁজ থাকার পর, সোমবার সকালে বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
মৃতের দাদা মেরাজুল হক সরাসরি এই মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে (ECI) দায়ী করেছেন। তিনি বলেন, ‘‘আমাদের চার ভাইয়ের নামই ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এই খবর সহ্য করতে না পেরেই আমার ভাই এমন চরম পদক্ষেপ নিয়েছে। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং দুই নাবালক সন্তানকে নিয়ে ওর সংসার ছিল। এখন সব শেষ হয়ে গেল।’’
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে সীমান্তবর্তী জেলা মালদার সাধারণ মানুষের মধ্যে যে গভীর আতঙ্ক তৈরি হয়েছে, এই ঘটনা তারই প্রতিফলন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

