উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে গ্রেপ্তার হলেন বহরমপুরের তৃণমূল সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠানের (Yusuf Pathan) শ্বশুর ও শ্যালক (Yusuf Pathan Father-in-law Arrested)। গত শনিবার মুম্বইয়ের বাইকুল্লা এলাকায় রাস্তায় জমা জল ছেটানোকে কেন্দ্র করে এক ব্যক্তিকে বাঁশ দিয়ে মারধরের অভিযোগে তাঁদের হেপাজতে নিয়েছে মহারাষ্ট্র পুলিশ।
পুলিশ (Mumbai Police) সূত্রে খবর, গত শনিবার রাতে বাইকুল্লা এলাকা দিয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ খান নামে বছর ত্রিশের এক যুবক। রাস্তার একটি খানাখন্দে জমা জল তাঁর গাড়ির চাকায় লেগে ছিটকে যায় পথচারী শোয়েব খানের গায়ে। ৩৫ বছর বয়সি শোয়েব খান হলেন সাংসদ ইউসুফ পঠানের আত্মীয়।


আক্রান্ত যুবক ইউসুফ খানের দাবি, জল ছিটকে যাওয়ার পর তিনি গাড়ি থেকে নেমে শোয়েবের কাছে ক্ষমা চেয়েছিলেন। অভিযোগ, ক্ষমা চাওয়া সত্ত্বেও শোয়েব গালাগালি শুরু করেন এবং বাঁশের ডান্ডা নিয়ে এসে গাড়ির উইন্ডশিল্ড ভেঙে দেন। বাধা দিতে গেলে ওই যুবককেও বাঁশ দিয়ে মারধর করা হয়।
গাড়ি ভাঙচুরের পর আক্রান্ত যুবক থানায় অভিযোগ জানাতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় সাংসদের শ্বশুর খালিদ খান (ওরফে মকলিক) এবং শ্যালক উমরশাদ খান সেখানে উপস্থিত হয়ে বচসায় জড়িয়ে পড়েন। আক্রান্তের দাবি, তাঁরাও তাঁর ওপর চড়াও হন এবং শারীরিক নিগ্রহ করেন।
ঘটনার পর বাইকুল্লা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবক। সেই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার পুলিশ ইউসুফের শ্বশুর খালিদ খান এবং শ্যালক উমরশাদ খানকে গ্রেপ্তার করে। প্রাক্তন ক্রিকেটারের শ্বশুরবাড়ির লোকজনের এই কাণ্ডে মুম্বইয়ের রাজনৈতিক ও ক্রিকেট মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এই বিষয়ে ইউসুফ পাঠানের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

