Yuvraj Singh | ‘বিরাট-রোহিতের অবদান ভুলে যাচ্ছে সবাই’, সমালোচকদের বিঁধলেন যুবরাজ

শেষ আপডেট:

দুবাই: স্রোতের উলটোদিকে হাঁটলেন যুবরাজ সিং। বিরাট কোহলি, রোহিত শর্মার সমালোচকদের একহাত নিলেন বিশ্বজয়ী প্রাক্তন অলরাউন্ডার। যুবির দাবি, ভারতীয় ক্রিকেটে বিরাটদের অবদান সবাই ভুলে যাচ্ছে। তির্যক ভাষায় আক্রমণ করছে। ঘরের মাঠে বাংলাদেশ, নিউজিল্যান্ড সিরিজের পর অস্ট্রেলিয়া সফরে চূড়ান্ত ব্যর্থ দলের দুই ব্যাটিং অস্ত্র। তরুণ ব্রিগেড কিছুটা হাল ধরলেও জল ঢালে বিরাট-রোহিতের ব্যর্থতা।

ভারতের সিরিজ হাতছাড়া হওয়ার পর যা নিয়ে সমালোচনার ঝড়। বিরাটদের টেকনিক থেকে টেম্পারামেন্ট-আতশকাচের নীচে। কারও কারও দাবি, ক্রিকেটে মনোনিবেশ করতে পারছেন না। তরুণদের জায়গা দিতে বিরাট-রোহিতকে এবার ছাঁটাইয়ের নোটিশ ধরানো উচিত। কঠিন যে পরিস্থিতিতে উত্তরসূরিদের পাশে দাঁড়ালেন যুবরাজ।

দুবাইয়ে টেনিস বল ক্রিকেট প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত যুবরাজ বলেছেন, ‘গত ৫-৬ বছরে ভারতের সাফল্যের তালিকা দেখছিলাম। ওরা অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দুটি টেস্ট সিরিজ জিতেছে। মনে করতে পারছি না, দ্বিতীয় কোনও দলের এই কৃতিত্ব আছে কি না। অথচ মানুষ এখন রোহিত, বিরাটের সমালোচনায় মুখর, ভুলে গিয়েছে অতীতে ওরা কী সাফল্য অর্জন করেছে।’

ওডিআই, টি২০, দুই ফর্ম্যাটে বিশ্বজয়ী যুবরাজের দাবি, ‘রোহিত-বিরাট বর্তমান প্রজন্মের মহান ক্রিকেটার। ব্যর্থ হয়েছে মানছি। কিন্তু আমাদের চেয়ে এই হারে ওরা অনেক বেশি হতাশ। আমি নিশ্চিত, এই দলটাই ঘুরে দাঁড়াবে। কোচ হিসেবে গৌতম গম্ভীর, নির্বাচক প্রধানের দায়িত্বে থাকা অজিত আগরকার, বিরাট কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ-পারফেক্ট কম্বিনেশন। ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক। ওরাই ঠিক করবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে। আলোচনায় বসবে বিসিসিআই-ও। ভবিষ্যতের রূপরেখা তৈরি হবে যেখানে।’

দলের স্বার্থে নির্ণায়ক পঞ্চম টেস্টে রোহিতের সরে দাঁড়ানো নিয়েও উচ্ছ্বসিত যুবরাজ। বলেছেন, ‘বিশাল ব্যাপার। ফর্মের কারণে কখনও কোনও অধিনায়ককে এভাবে সরে দাঁড়াতে দেখিনি। এখানেই রোহিতের মহত্ত্ব, যে দলকে সবসময় নিজের আগে রাখে। ফলাফল যাই হোক রোহিত দুর্দান্ত অধিনায়ক। চিরকালই দুর্দান্ত অধিনায়ক থাকবে। ওর নেতৃত্বে ওডিআই বিশ্বকাপ ফাইনাল খেলেছি, টি২০ বিশ্বকাপ জিতেছি আমরা। সাফল্যের তালিকা বেশ দীর্ঘ, যা অস্ট্রেলিয়ায় এই ব্যর্থতার চেয়ে অনেক বেশি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ০-৩ হার অবশ্য আমাদের সবাইকেই ধাক্কা দিয়েছে। ওটা মেনে নেওয়া যায় না।’

ভারতীয় সাজঘরের চলতি হাল নিয়ে অবশ্য মন্তব্যে নারাজ। যুবরাজের মতে, তিনি ভারতীয় সাজঘরের অঙ্গ নন। তাই না জেনে কোনও মন্তব্য করতে চান না। গম্ভীর, রোহিত, বিরাটরা প্রচুর ক্রিকেট খেলেছে। পুরোপুরি ওয়াকিবহাল না হয়ে সাজঘরের পরিবেশ নিয়ে আলটপকা মন্তব্য করতে চান না। এরপর সমালোচকদের ফের একহাত নিয়ে বলেছেন, ‘ব্যর্থ হলে সমালোচনা সহজ, কিন্তু সমর্থন করাই কঠিন। সমালোচনা সংবাদমাধ্যমের কাজ, আমার কাজ বন্ধু-ভাইদের পাশে থাকা। আমার কাছে ওরা পরিবারের অঙ্গ।’

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

Asif Nazrul | ভারত বিরোধিতায় ‘মিথ্যা’ তথ্যের আশ্রয়? মুস্তাফিজ ইস্যুতে নজরুলের দাবিকে ‘ভিত্তিহীন’ বলছে আইসিসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর...

ICC T20 World Cup | মুস্তাফিজকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গঠনের সুপারিশ আইসিসির, বিসিবির দাবি নিয়ে প্রশ্ন

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20...

ICC T20 World Cup | পন্থের পর ছিটকে গেলেন সুন্দরও! কিউয়ি সিরিজের দলে বড় চমক, প্রথমবার ডাক পেলেন আয়ুষ বাদোনি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World...

Laxmi Ratan Shukla | ভোট-নথিতে গরমিল! সামির পর এবার এসআইআর শুনানিতে ডাক বাংলার কোচ লক্ষ্মীরতনকে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহম্মদ সামির পর এবার এসআইআর শুনানিতে...