কোচবিহার: মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে বিজেপি সাংসদ তথা জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। তাঁকে গ্রেপ্তারির দাবিতে গত ২৩ এপ্রিল থেকে দিল্লিতে ধর্নায় বসেছেন দেশের কুস্তিগিররা। সেই প্রতিবাদের আঁচ এবার এসে পড়ল কোচবিহারেও। দিল্লির যন্তরমন্তরে মহিলা কুস্তিগিরদের আন্দোলনকে সমর্থন জানিয়ে রবিবার কোচবিহারে মিছিল করল নাগরিক সমাজ। সেখানে মহিলাদের উপস্থিতিই ছিল বেশি। মোমবাতি জ্বালিয়ে কোচবিহার শহর পরিক্রমা করার পাশাপাশি সাগরদিঘি চত্বরে জমায়েত করেন তাঁরা। আন্দোলনকারীদের তরফে রাখি কাঞ্জিলাল বলেছেন, ‘মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতনের প্রতিবাদে মোমবাতি জ্বালিয়ে মিছিল করা হল। অভিযুক্ত ব্রিজভূষণের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে।’

