হরিশ্চন্দ্রপুর: বাড়ি থেকে অদূরে পাটের জমির আল থেকে এক বৃদ্ধের রক্তাক্ত দেহ উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ওই বৃদ্ধ পেশায় ভিক্ষুক বলে জানা গিয়েছে। তার পরিবারের দাবি, কেও তাঁকে খুন করেছে। সন্দেহভাজন দুই ব্যক্তির নামে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবার। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সালদহ গ্রামের মাঠে। পুলিশ সূত্রে জানা গেছে ওই বৃদ্ধ ভিক্ষুকের নাম নসমো আলি। বাড়ি রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ঘরোট গ্রামে। পরিবারে সূত্রে জানা যায়, এদিন সন্ধ্যায় গ্রামের এক ব্যক্তি মসিউর রহমানের সঙ্গে নসমো আলি পার্শ্ববর্তী গ্রাম দক্ষিণ সালদহে এক চায়ের দোকানে চা খেতে যান। বাড়ি ফিরতে দেরি দেখে পরিবারের লোকেরা তার খোঁজে বেড়িয়ে পড়েন। স্থানীয় এক বাসিন্দা মারফত জানা যায়, বাড়ি থেকে প্রায় ৫০০ মিটার দূরে দক্ষিণ সালদহ গ্রামের মাঠের মধ্যে তার রক্তমাখা মৃতদেহ পড়ে রয়েছে। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ রাতেই ঘটনাস্থল গিয়ে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। রবিবার সকালে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই চায়ের দোকানদার খালেক আলীর ছেলে মুনাজির আলিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। তবে এই ব্যাপারে চায়ের দোকানদার খালেক আলি মুখ খুলতে চাননি। তদন্তে উঠে এসেছে বৃদ্ধ তাঁর ভাইপো বাবুল আলি ও জাহাঙ্গীর আলির কাছেই থাকতেন। কোনও রকমে ভিক্ষাবৃত্তি করেই পেট চালাতেন তিনি।

