নতুন সংসদ ভবনের নাম ‘সাভারকার সদন’, সেন্ট্রাল হলের নাম হোক ‘ক্ষমা কক্ষ’: মহাত্মা গান্ধির প্রপৌত্র

শেষ আপডেট:

নয়াদিল্লি: নতুন সংসদ ভবনের নাম পালটে রাখা হোক ‘সাভারকার সদন’, ঐতিহাসিক সেন্ট্রাল হলের নাম রাখা হোক ‘ক্ষমা কক্ষ’। ২৮ মে হিন্দু মহাসভার নেতা বীর সাভারকারের ১৪০ তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্বারা দেশের নতুন সংসদ ভবনের দ্বারোদঘাটন প্রসঙ্গে এই মর্মে তীব্র কটাক্ষ করলেন মহাত্মা গান্ধির প্রপৌত্র, ইতিহাসবিদ তুষার গান্ধি।

সম্প্রতি, লোকসভা সচিবালয়ের তরফে জানানো হয়, আগামী ২৮ মে সংসদে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ৯৭০ কোটি টাকা খরচে নির্মিত নয়া সংসদ ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদি। হঠাৎ তড়িঘড়ি সংসদ ভবনের দ্বারোদঘাটন নিয়ে কেন মরিয়া কেন্দ্র, তা নিয়ে জল্পনা শুরু হয়। এরপরই প্রকাশ্যে আসে ওই একইদিনে পালিত হবে আরএসএস এবং হিন্দু মহাসভার জাতীয়তাবাদী নেতা বীর সাভারকারের ১৪০ তম জন্মতিথি। আজীবন জাতির জনক মহাত্মা গান্ধি তথা জাতীয় কংগ্রেসের বিরোধিতা করে আসা সাভারকারের জন্মজয়ন্তীতে নব্য সংসদ ভবনের উদ্বোধন করায় মোদি সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে কংগ্রেস সহ তামাম বিরোধী শিবির। কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ চূড়ান্ত অবমাননাকর ও ভারতীয় ঐতিহ্যের প্রতি অপমান হিসেবেই দেখছেন বিরোধীরা।

এই প্রসঙ্গেই সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন গান্ধির প্রপৌত্র তুষার গান্ধি। টুইটে তিনি দাবি করেছেন, ‘নতুন সংসদ ভবনের নাম রাখা হোক সাভারকার সদন, সেন্ট্রাল হলের নাম-মাফি কক্ষ বা ক্ষমা কক্ষ’। স্বাধীনতা আন্দোলনের সময়ে আন্দামানের সেলুলার জেল থেকে পরিত্রাণ পেতে ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা যাচিকা পেশ করেছিলেন সাভারকার, সেই সূত্রেই ব্যাঙ্গার্থে সেন্ট্রাল হলের নাম পালটে ‘ক্ষমা কক্ষ’ করার প্রস্তাবনা তুষারের, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ৷ শুক্রবারে পর, শনিবারও সংশ্লিষ্ট ইস্যুতে মোদি সরকারের বিরুদ্ধে বিষোদগার করতে দ্বিধা করেনি কংগ্রেস।

এদিন বর্ষীয়ান কংগ্রেস নেতা ও সাংসদ জয়রাম রমেশ বলেন, ‘নীতিহীনতা ও দ্বিচারিতার চরম দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে তিনি বিদেশের মাটিতে গান্ধিজির আবক্ষ মূর্তি উন্মোচন করছেন, আর কয়েকদিন পর তাঁরই বিরোধী ও হত্যার ছকে শামিল সাভারকারের জন্মতিথি উপলক্ষ্যে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন তিনি। ইতিহাস এই ভয়াবহ দ্বিচারিতার জন্য বিজেপিকে কখনই ক্ষমা করবে না।’

উল্লেখ্য, এই মুহূর্তে জাপানের প্রধানমন্ত্রী ফুমিয়ো কিশিদার আমন্ত্রণে তিনদিনের জি ৭ বৈঠকে যোগ দিতে শুক্রবার জাপানে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার হিরোসিমাতে মহাত্মা গান্ধির নব্য প্রতিষ্ঠিত মূর্তিতে মাল্যদানও করেন তিনি। জয়রাম রমেশের কটাক্ষ সেই সূত্রেই। অন্যদিকে এও শোনা যাচ্ছে, নতুন সংসদ ভবন চত্বরে ঠাঁই পাচ্ছে না মহাত্মা গান্ধির চিরপরিচিত ধ্যানমগ্ন সুবিশাল সেই গ্রানাইট মূর্তি। একসময়ে পুরোনো সংসদ ভবনের প্রধান দ্বারপ্রান্তের বিপরীতে পূর্ণ মহিমায় বিরাজমান গান্ধি মূর্তিটিকে রেল ভবনের সম্মুখে অর্থাৎ নতুন সংসদ ভবনের পিছনের দিকে তা নতুন করে প্রতিষ্ঠা করা হবে বলে জানা গিয়েছে। বলার অপেক্ষা রাখে না, এ নিয়েও অচিরেই নতুন করে শোরগোল ও বিতর্কের মুখে পড়তে চলেছে মোদি সরকার, মত বিশেষজ্ঞ মহলের একাংশের।

Categories
Sushmita Ghosh
Sushmita Ghoshhttps://uttarbangasambad.com/
Sushmita Ghosh is working as Sub Editor Since 2018. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Share post:

Popular

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

More like this
Related

Tamil Nadu | জাদুসংখ্যা বিজয়ের ঝুলিতে, কংগ্রেসের পাশাপাশি এবার বামের সমর্থনে মসনদে ‘থলপতি’!

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অবশেষে জল্পনার অবসান। প্রয়োজনীয় ‘জাদুসংখ্যা’...

Odisha | আইনরক্ষকই যখন ভক্ষক! ধর্ষণের চেষ্টার অভিযোগে ওডিশায় মর্মান্তিক পরিণতি পুলিশ কর্মীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওডিশায় এক মহিলাকে উত্ত্যক্ত করা...

Nishant Kumar | বিহারের মন্ত্রিসভায় নতুন মুখ ! নীতীশ-পুত্র নিশান্ত কুমারের অভিষেক

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিহারের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের...

Vijay threat to resign 107 MLAs | ‘ডিএমকে-এডিএমকে সরকার গড়ার সুযোগ পেলে আমাদের ১০৭ বিধায়ক ইস্তফা দেবেন’, হুঁশিয়ারি দিলেন টিভিকে প্রধান বিজয়

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের...