কলকাতা: অবশেষে বাংলাদেশ ঘেঁষে মায়ানমারে আছড়ে পড়েছে ‘মোকা’। রাজ্যে এই ঘূর্ণিঝড় কোনও প্রভাব বিস্তার করতে না পারলেও জলীয় বাষ্প শুষে নেওয়ায় তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। কিন্তু সবার প্রশ্ন, রাজ্যে স্বস্তির বৃষ্টি নামবে কবে? আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ১৭ মে থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। মোকা চলে যাওয়ায় এবার রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করতে পারবে। ফলে ১৬ মে থেকে ২০ মে পর্যন্ত রাজ্যে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে উত্তরবঙ্গ এবং পরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি নামবে।
হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। বুধবার থেকে বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, দুই ২৪ পরগনা এবং কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা, দুই দিনাজপুরে।


প্রসঙ্গত, রবিবার মোকা বাংলাদেশের কক্সবাজারের ওপর দিয়ে বয়ে যায়। এরপর বেলা প্রায় ১২টা নাগাদ তা আছড়ে পড়ে মায়ানমারের সিতওয়ে উপকূলে। ঝড়ের গতি ঘণ্টায় প্রায় ২০৯ কিলোমিটার। সাধারণ ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে মোকা সময় নেয় ২৪ ঘণ্টা। পরের ১৮ ঘণ্টায় মোকা পরিণত হয় সুপার সিভিয়ার সাইক্লোনে। ফলে কার্যত তছনছ হয়ে যায় মায়ানমারের উপকূলবর্তী এলাকা।

